যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে নতুন একটি স্মারক পাসপোর্টের নকশা উন্মোচন করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই পাসপোর্টে ট্রাম্পের কঠোর মুখভঙ্গির একটি ছবি সংযোজন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টটির নমুনা প্রকাশ করেন ট্রাম্প। পোস্টে তিনি লেখেন, "যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট।" নমুনা ছবিতে আরও লেখা ছিল, "স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন।"

নতুন পাসপোর্টটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে। এতে ট্রাম্পের গম্ভীর মুখভঙ্গির একটি ছবি, তার স্বাক্ষর এবং পেছনের অংশে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ ব্যবহার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ছবিটি হোয়াইট হাউসের আলোকচিত্রী ড্যানিয়েল টোরোকের তোলা একটি ছবির ভিত্তিতে তৈরি।

পাসপোর্টের অন্য একটি পাতায় ১৭৭৬ সালের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ঐতিহাসিক চিত্রকর্ম এবং "ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০" লেখা সংযোজন করা হয়েছে। হোয়াইট হাউসও একই নকশার পাসপোর্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে একে "প্যাট্রিয়ট পাসপোর্ট" নামে উল্লেখ করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, আগামী ৬ জুলাই থেকে বিশেষ নকশার এই স্মারক পাসপোর্ট বিতরণ শুরু হবে। তবে এটি সীমিত সংখ্যায় পাওয়া যাবে এবং ওয়াশিংটনে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদনকারীদের কাছে বিতরণ করা হবে বলে জানানো হয়।

বিশ্লেষকদের মতে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রাম্পের ব্যক্তিগত উপস্থিতি আরও জোরালোভাবে তুলে ধরার উদ্যোগের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই পাসপোর্ট কার্যকর হলে দায়িত্ব পালনরত অবস্থায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ নথিতে ছবি সংযোজিত প্রথম মার্কিন প্রেসিডেন্ট হবেন ডোনাল্ড ট্রাম্প।

প্রাইমটিভি/এনজি