অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া

ছবিঃ সংগৃহীত
মালয়েশিয়া নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের পাশাপাশি দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
শনিবার (২৭ জুন) মালয়েশিয়া ও চীন সফর শেষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ থেকে পুনরায় কর্মী নিয়োগ শুরু এবং সেখানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।
তিনি জানান, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সদস্যপদ অর্জনে বাংলাদেশের প্রচেষ্টাকেও সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।
দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, সাম্প্রতিক সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। তিনি উল্লেখ করেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সামাজিক মাধ্যমে ‘মহাজাদু’ গান শেয়ার করাও দুই দেশের আন্তরিক সম্পর্কের প্রতীক হিসেবে দেখা যেতে পারে।
চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, তিস্তা প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং। এ লক্ষ্যে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) দ্রুত এগিয়ে নিতে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে।
তিনি আরও বলেন, এবারের সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও গভীর ও কৌশলগত পর্যায়ে উন্নীত হয়েছে, যা ভবিষ্যতে বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





