মেহেরপুর সীমান্তে রাস্তা নির্মাণে বিএসএফের বাধা

ছবিঃ সংগৃহীত
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে জেলা পরিষদের অর্থায়নে একটি হেয়ারিং বন্ড (এইচবিবি) সড়ক নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ চলাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এসে কাজে বাধা দেয়। পরে স্থানীয়দের প্রতিবাদ এবং বিজিবির উপস্থিতির পর বিএসএফ সদস্যরা নিজ সীমান্তে ফিরে যায়।
রোববার (২৮ জুন) দুপুরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৭-এস সংলগ্ন এলাকায় বিজিবি ক্যাম্প থেকে ‘আট কবর’ পর্যন্ত সড়কের নির্মাণকাজ চলার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, ভারতের নদীয়া জেলার গান্ধীনা বিএসএফ ক্যাম্পের কয়েকজন সদস্য বাংলাদেশ অংশে চলমান উন্নয়নকাজে আপত্তি জানান। এ সময় স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিএসএফ সদস্যরা নিজ ভূখণ্ডে ফিরে যান।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বিজিবি ক্যাম্প থেকে ‘আট কবর’ পর্যন্ত কাঁচা সড়কটি চলাচলের অনুপযোগী ছিল। কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় মানুষের যাতায়াত সহজ করতে জেলা পরিষদের অর্থায়নে সড়কটি এইচবিবি করা হচ্ছে। তবে নির্মাণকাজের সময় বিএসএফ এসে আপত্তি তোলে।
কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় অতীতেও এ সড়ক উন্নয়নের উদ্যোগে বিএসএফ আপত্তি জানিয়েছিল। তিনি বলেন, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে ‘আট কবর’ এলাকায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রশাসনের কর্মকর্তারা যান। তাই স্থানীয়দের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমের জন্যও সড়কটির উন্নয়ন জরুরি।
অন্যদিকে, কাজীপুর বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, রাস্তার কাজে বিএসএফ বাধা দিয়েছে—এমন কোনো তথ্য তার জানা নেই।
এ বিষয়ে কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা বা অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা ও সিদ্ধান্ত প্রয়োজন। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে রাস্তা নির্মাণে বিএসএফ বাধা দিয়েছে—এমন দাবি সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







