স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে আগামী অক্টোবরকে সামনে রেখে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।

রোববার (২৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের এক সভায় স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনকানুন এবং লজিস্টিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, অক্টোবর মাসকে লক্ষ্য ধরে প্রস্তুতি চলছে। নির্বাচন অক্টোবর মাসে অনুষ্ঠিত হলে তার অন্তত ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের পরপরই স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় ব্যালট বাক্স প্রস্তুত রয়েছে। পাশাপাশি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতিও রয়েছে। তবে ভোটকেন্দ্রের সংখ্যা গতবারের তুলনায় কিছুটা বাড়তে পারে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয় ভিত্তিতে। অর্থাৎ দলীয় প্রতীক ব্যবহার করা হবে না। তবে রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে নির্বাচনসংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে স্থানীয় সরকারের পাঁচ ধরনের নির্বাচনের জন্য খসড়া আচরণবিধি ইতোমধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মতামত পাওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আচরণবিধি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে কমিশন।

এ ছাড়া বেসরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনী দায়িত্বে নিয়োগ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রাইমটিভি/এনজি