সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাস তানুরায় সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন।

রোববার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানায়, নিহত সবাই সৌদি নাগরিক। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের সাম্প্রতিক সংঘাতের কারণে পারস্য উপসাগরের রাস তানুরা তেল টার্মিনালে সৌদি আরামকোর অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম প্রায় চার মাস বন্ধ ছিল। গত শুক্রবার সেখানে পুনরায় তেল লোডিং শুরু হয়। এর মাত্র দুই দিনের মাথায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

সূত্র: আল-জাজিরা

প্রাইমটিভি/এনজি