শাহবাগে নারী চিকিৎসকের লাশ উদ্ধার, স্ট্রোকে মৃত্যু পুলিশের প্রাথমিক ধারণা

ছবিঃ সংগৃহীত
রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ফারাহ ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওভাসকুলার কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ২০২২ সাল থেকে আজিজ সুপার মার্কেটের ১৪ তলার একটি ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন ফারাহ ফেরদৌস। তার গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলায়। তিনি অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুর রশীদের বড় মেয়ে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ২৩ জুন দুপুরে ছোট বোনের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল ফারাহর। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।
শুক্রবার (২৬ জুন) বিকেলে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে ফারাহর ছোট বোনকে সঙ্গে নিয়ে পুলিশ দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করলে খাটের ওপর বসা অবস্থায় টেবিলের ওপর মাথা নোয়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহে পচন ধরেছিল।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী ফারাহর আগে থেকে গুরুতর কোনো শারীরিক অসুস্থতার ইতিহাস ছিল না। প্রাথমিকভাবে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় নিহতের ছোট বোন নজুলা ফেরদৌস শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। তিনি নিজেও একজন চিকিৎসক এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউরোসার্জারি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





