হরমুজে তেলবাহী ট্যাংকারে আবারও হামলা

হরমুজে তেলবাহী ট্যাংকার । সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত হেনেছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও।
শনিবার (২৭ জুন) সংস্থাটি জানায়, ট্যাংকারটির ক্যাপ্টেন হামলার বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেছেন। অজ্ঞাত বস্তুটি জাহাজের কমান্ড সেন্টারের ওপর আঘাত হানে। তবে এতে জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন এবং কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউকেএমটিও জানিয়েছে, ঘটনার প্রকৃতি ও উৎস শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এদিকে, শুক্রবার ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগের পর ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানও মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।
এ পরিস্থিতির মধ্যেই বাহরাইন দাবি করেছে, শনিবার সকালে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ড্রোন হামলা চালিয়েছে। তবে ড্রোনগুলো সরাসরি কোনো স্থাপনায় আঘাত হেনেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনা আন্তর্জাতিক নৌ চলাচল ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








