দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শনিবার (২৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে ৬১৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৮ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪৫ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৪৪ জন। ফলে একদিনে হাম ও হামের উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা ৭৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৮ হাজার ২৬৬ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৫৯৪ জন।

এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১ হাজার ৯৫৫ জন রোগী। তাদের মধ্যে ৭৮ হাজার ২৮৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রাইমটিভি/এনজি