তুরাগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী হ'ত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন

ছবিঃ সংগৃহীত
তুরাগ এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যার অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছেন সাবেক সংসদ সদস্য এবং ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।
শনিবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, তুরাগ নদী থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আরও চার নেতাকর্মী নিখোঁজ রয়েছেন বলেও দাবি করেন তিনি।
বিবৃতিতে মাহমুদ হাসান রিপন বলেন, গত ২২ জুন তুরাগ থানা আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। তার দাবি, শান্তিপূর্ণ ওই কর্মসূচিতে হামলা চালিয়ে কয়েকজন নেতাকর্মীকে নির্যাতনের পর হত্যা করা হয় এবং পরে তাদের মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচি দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগও তোলেন তিনি।
মাহমুদ হাসান রিপনের ভাষ্য, রাজনৈতিক মতাদর্শের কারণে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। শুধু রাজপথেই নয়, কারাগারেও পরিকল্পিতভাবে নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
বিবৃতিতে তিনি বলেন, হত্যা, গুম কিংবা নির্যাতনের মাধ্যমে আওয়ামী লীগকে দমিয়ে রাখা সম্ভব নয়। দলের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামের ঐতিহ্য ধারণ করে যে কোনো পরিস্থিতিতে নিজেদের রাজনৈতিক অবস্থানে অটল থাকবেন বলেও উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান সাবেক এই সংসদ সদস্য।
উল্লেখ্য, বিবৃতিতে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এবং অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







