গাজীপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ছবিঃ সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে কর্মস্থলে এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আয়োজিত মিলাদ মাহফিলকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বহিরাগতদের অনুপ্রবেশের অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে।
শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় ব্লু প্ল্যানেট গ্রুপের মালিকানাধীন ‘কালার অ্যান্ড কোং লিমিটেড’ কারখানার সামনে এ ঘটনা ঘটে।
শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, গত বুধবার (২৪ জুন) রাতে কর্মস্থলে অসুস্থ হয়ে মারা যান নারী শ্রমিক লিজা আক্তার। তাকে স্মরণ করে শনিবার সকালে কারখানার ভেতরে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে একই প্রতিষ্ঠানের পাশাপাশি পাশের বদর স্পিনিং মিলসের শ্রমিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।
কারখানার শ্রমিক রায়হান মাহমুদের দাবি, মিলাদে অংশ নিতে আসা শ্রমিকদের সঙ্গে লাঠিসোঁটা হাতে একদল বহিরাগত কারখানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
আরেক শ্রমিক মো. রনি বলেন, শ্রমিকদের সঙ্গে কিছু অপরিচিত ব্যক্তি এসে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে। প্রকৃত শ্রমিকরা শান্তিপূর্ণ সমাধান চান এবং সাম্প্রতিক বিশৃঙ্খলার সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
ঘটনাস্থলে দেখা যায়, কারখানার সামনে ও আশপাশের সড়কে সহস্রাধিক শ্রমিক অবস্থান নেন। কারখানার ভেতরেও বিপুলসংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন। তবে বেলা ১১টার পর শ্রমিকরা ধীরে ধীরে এলাকা ত্যাগ করলে সোয়া ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
ঘটনার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সকালে শ্রমিকদের সমাগমের সময় কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়েছিল। পরে শিল্প পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং শ্রমিকরা কারখানার সামনে থেকে সরে গেছেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






