কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিক-প্রেমিকার মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরী প্রেমিকাকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই এলাকার হাজী এনামুল হকের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার সময় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের বাসিন্দা রবিউল মৃধার মেয়ে নাঈমা জাহান (১৫) সিয়ামের বাড়িতে অবস্থান করছিলেন। ভোরে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে নাঈমা ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা সিয়ামকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রায় তিন বছর ধরে সিয়াম ও নাঈমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে, ব্যক্তিগত সম্পর্ক এবং গর্ভধারণ-সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তদন্ত সংশ্লিষ্টরা। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত অব্যাহত রয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত কিশোরীকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে তদন্ত চলছে।

প্রাইমটিভি/এমএইচ