চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দুটি লাইটার জাহাজের সংঘর্ষে এমভি বে হারবার ২ নামে একটি পাথরবোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জন আরোহীকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করা হয়। প্রথমে কোস্ট গার্ড ৮ জনকে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় আনোয়ারার পারকি সৈকত এলাকা থেকে ভাসমান অবস্থায় আরও ৪ জনকে উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বন্দরের চিফ পার্সোনাল অফিসার নাসির উদ্দিন জানান, এমভি বে হারবার ২ পাথর নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে আরেকটি লাইটার জাহাজের সঙ্গে সংঘর্ষের পর জাহাজটি ডুবে যায়।

নিখোঁজ কেউ আছেন কি না, তা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম চালিয়ে যেতে কোস্ট গার্ড কাজ করছে।

প্রাইমটিভি/এনজি