মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে আসার প্রভাব পড়েছে শ্রীলঙ্কার জ্বালানি বাজারে। দীর্ঘদিন পর দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত শ্রীলঙ্কা পেট্রোলিয়াম কর্পোরেশন (সিপিসি) প্রতি লিটার ডিজেলের দাম ২৫ শ্রীলঙ্কান রুপি কমিয়ে ৩৮২ রুপি নির্ধারণ করেছে। একই সঙ্গে প্রতি লিটার পেট্রোলের দাম ২০ রুপি কমিয়ে ৪১৪ রুপি করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়া এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উদ্যোগের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা দেয়। সেই পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বাজারেও জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেলে শ্রীলঙ্কায় পেট্রোল ও ডিজেলের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপর এই প্রথমবারের মতো জ্বালানির মূল্য কমানো হলো।

অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে চেষ্টা চালিয়ে যাওয়া শ্রীলঙ্কার জন্য এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, জ্বালানির দাম কমায় পরিবহন ব্যয় হ্রাস পাবে, উৎপাদন খরচ কমবে এবং মূল্যস্ফীতির ওপরও ইতিবাচক প্রভাব পড়তে পারে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে।

প্রাইমটিভি/এমএইচ