আজ দুপুরের মধ্যেই রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে শুরু করে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে দুপুরের মধ্যে যেকোনো সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির প্রভাবে দিনভর ভ্যাপসা গরম কিছুটা কমে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ রাজধানী ও এর আশপাশের এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ, যার কারণে বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত কিছুটা অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। এছাড়া, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দুপুরের এই সম্ভাব্য বৃষ্টির কারণে যাতায়াতকারীদের সাথে ছাতা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ হুটকরে নামা বৃষ্টিতে দুপুরের ব্যস্ত সময়ে কিছুটা বিঘ্ন ঘটতে পারে।

প্রাইমটিভি/বিএম