থানচিতে দেশীয় বন্দুক ও কার্তুজসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার

ছবিঃ প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলায় দেশীয় অস্ত্র ও কার্তুজসহ জৌথান বম (৫৫) নামে কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএফ)-এর এক সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।
গ্রেফতারকৃত জৌথান বম থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরপা পাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় লাল পিয়াম বমের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পাহাড়ি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল থানচি উপজেলার শেরপা পাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনক গতিবিধির কারণে জৌথান বমকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক এবং কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার জানান, সেনাবাহিনী আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, পার্বত্যাঞ্চলে বিভিন্ন সময় সশস্ত্র সংগঠনের তৎপরতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান জোরদার করেছে। বিশেষ করে কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএফ)-এর সদস্যদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে।
প্রাইমটিভি/এমএইচ

বান্দরবান প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





