আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবিঃ সংগৃহীত
আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দলটি ভবিষ্যতে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত রাখা হয়েছিল। তিনি দাবি করেন, অরাজনৈতিক পরিচয়ে পরিচালিত সেই আন্দোলন সফলভাবে পরিসমাপ্তি ঘটানো সম্ভব হয়েছিল, যা ছিল পর্দার আড়ালের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
দেশের ভবিষ্যৎ বিনির্মাণে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সবাইকে ধৈর্য ধরতে হবে। সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বক্তব্যে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের বিরুদ্ধে বিদেশে বসে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে এবং রাজনৈতিকভাবে দলটির 'দাফন' সম্পন্ন হয়েছে। তাই এ দেশে দলটি আর রাজনীতি করতে পারবে না।
এ সময় তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে।
জুলাই আন্দোলনের চেতনা নিয়ে কেউ যেন ব্যক্তিস্বার্থে ব্যবসা না করেন, সে আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চেতনা বিক্রি কখনোই ভালো নয়। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে, তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









