হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু আক্রান্ত ৮৩৩

হামের উপসর্গ । প্রাইম টিভি
দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৩৩ শিশু।
শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৩২ জন এবং পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে আরও ১০১ জন।
মারা যাওয়া দুই শিশুর একজন ঢাকায় এবং অন্যজন সিলেটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৩১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬৩৮ শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৪ হাজার ৬৯৩ শিশুর। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৫২৬ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ২১৯ জনে।
এদিকে, চলমান পরিস্থিতিতে ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭ হাজার ৯৬৬ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৪ হাজার ২১৮ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নির্ধারিত সময়ে হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








