জ্বর হলে গোসল করা যাবে কি যাবে না, এ নিয়ে দীর্ঘদিনের একটি প্রচলিত ধারণা রয়েছে। অনেকেই মনে করেন, জ্বরের সময় গোসল করলে ঠান্ডা লেগে জ্বর আরও বেড়ে যেতে পারে। তবে চিকিৎসাবিজ্ঞানের তথ্য বলছে, এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

বিশেষজ্ঞদের মতে, জ্বরের সময় গোসল করা নিষিদ্ধ নয়। বরং স্বাভাবিক বা হালকা কুসুম গরম পানিতে গোসল করলে শরীরের অস্বস্তি কমে, রোগী সতেজ অনুভব করেন এবং পরিচ্ছন্নতাও বজায় থাকে। জ্বর ছাড়ার সময় ঘামের কারণে যে অস্বস্তি তৈরি হয়, গোসল করলে সেটিও অনেকটাই কমে।

তবে গোসলের সময় কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। খুব ঠান্ডা বা খুব গরম পানি ব্যবহার করা উচিত নয়। এমন তাপমাত্রার পানি ব্যবহার করতে হবে, যা রোগীর জন্য আরামদায়ক।

জ্বরের কারণে অনেকের মাথা ঘোরা বা দুর্বল লাগতে পারে। তাই হঠাৎ উঠে গোসল করতে যাওয়া ঠিক নয়। ধীরে ধীরে উঠে প্রয়োজন হলে পরিবারের কারও সহায়তায় গোসল করা উচিত। গোসল শেষে শরীর ও মাথা ভালোভাবে মুছে শুকনো কাপড় পরতে হবে।

এ ছাড়া জ্বরের সময় পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাবের পানি, টাটকা ফলের রস, স্যুপ ও দুধ খাওয়া যেতে পারে। তবে কোমল পানীয়, অতিরিক্ত চিনি মেশানো পানীয় এবং প্রিজারভেটিভযুক্ত প্যাকেটজাত জুস এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদ্‌রোগ বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে তরল ও পানীয় গ্রহণের বিষয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত।

প্রাইমটিভি/এনজি