যুক্তরাষ্ট্রে ঝড়ের মধ্যে হ্রদে নৌকাডুবি, নিহত ৩

ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের লেক জেনেভায় প্রবল ঝড়ের মধ্যে একটি নৌকা ডুবে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির কারণ ও অন্যান্য বিষয় তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষ।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেলে দক্ষিণ উইসকনসিনে শক্তিশালী ঝড় আঘাত হানার সময় লেক জেনেভায় নৌকাটি উল্টে যায়।
ওয়ালওয়ার্থ কাউন্টি শেরিফ বিভাগের আন্ডারশেরিফ টম হাউসনার জানান, ঝড়ে বহু মানুষ আহত হয়েছেন। প্রবল বাতাসে অসংখ্য গাছ উপড়ে পড়েছে, বিদ্যুৎ লাইন ছিঁড়ে গেছে এবং বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিহত ও উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
নৌকাডুবির ঘটনার তদন্ত শুরু করেছে লেক জেনেভা সিটি পুলিশ।
পরিস্থিতির অবনতি হওয়ায় লেক জেনেভার মেয়র টড ক্রাউস শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানান, গাছ ভেঙে পড়ে অন্তত একজন আহত হয়েছেন এবং শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
আন্ডারশেরিফ হাউসনার বলেন, ঝড়ের পর ক্ষয়ক্ষতি, ভবনে আটকে পড়া মানুষ এবং জরুরি সহায়তার জন্য একের পর এক ৯১১ নম্বরে কল আসে। তবে সড়কে পড়ে থাকা গাছ এবং ছিঁড়ে যাওয়া বিদ্যুৎ লাইনের কারণে উদ্ধারকাজে কিছুটা বিলম্ব হয়।
তিনি সাধারণ মানুষকে ছিঁড়ে পড়া বিদ্যুৎ লাইন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন। উদ্ধার তৎপরতায় পার্শ্ববর্তী কাউন্টির আইনশৃঙ্খলা বাহিনী ও উইসকনসিন ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেস অংশ নিয়েছে।
শিকাগোসহ আশপাশের অঞ্চলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র লেক জেনেভায় ছুটির সময় বিপুলসংখ্যক পর্যটক অবস্থান করেন। এদিকে মধ্য-পশ্চিমাঞ্চলে আঘাত হানা এই ঝড়ের কারণে বিভিন্ন শহরে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত উৎসব ও আতশবাজির অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা হয়েছে।
জাতীয় আবহাওয়া সংস্থা এলাকাজুড়ে তীব্র বজ্রঝড়ের সতর্কতা জারি করেছে এবং আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কার কথাও জানিয়েছে।
সূত্র: এবিসি নিউজ।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








