সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং আগামী ১৭ আগস্টের মধ্যে সব প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা চালু নিশ্চিত করতে বলা হয়েছে।

শনিবার ( ৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি হাসপাতালের প্রতিষ্ঠান প্রধান নিজ দায়িত্বে সার্বক্ষণিক পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করবেন এবং মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

এ ছাড়া বিভাগীয় পরিচালকরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী জেলা সদর হাসপাতাল এবং সিভিল সার্জনরা প্রতি শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন। প্রতিটি পরিদর্শনের পর সচিত্র প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে আগামী ১৭ আগস্টের মধ্যে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক মেশিন সচল করে নিয়মিত হাজিরা নিশ্চিত করতে বলা হয়েছে। এ কাজে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে দায়ী করা হবে।

প্রাইমটিভি/এনজি