কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে: প্রতিমন্ত্রী নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়, যা পরবর্তীতে ২০২৪ সালের গণআন্দোলনে রূপ নেয়। সেই ধারাবাহিকতার ফলেই আজকের বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলা অডিটোরিয়ামে গণঅধিকার পরিষদ (জিওপি) দুমকি উপজেলা শাখার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, জনগণের অধিকার, সুশাসন, জবাবদিহিতা এবং বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে দেশের মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনগুলো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথ তৈরি করেছে। এখন সেই প্রত্যাশা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে জনগণকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতি, দখলদারিত্ব, চাঁদাবাজি ও দলীয়করণের মতো অপসংস্কৃতি পরিহার করে জনকল্যাণভিত্তিক রাজনীতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে রাষ্ট্র গঠনের মূলধারায় সম্পৃক্ত করেই একটি আধুনিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ নির্মাণ সম্ভব।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, গণতান্ত্রিক চর্চা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
গণঅধিকার পরিষদ (জিওপি) দুমকি উপজেলা শাখার সভাপতি মো. মুন্না ফরাজীর সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. নাসির উদ্দিন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








