স্বাধীনতা দিবসের আগে বিভাজনের বার্তা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমেরিকান পরিচয় আবারও আক্রমণের মুখে পড়েছে।’ স্বাধীনতা দিবসের আগের দিন দেওয়া এক ভাষণে তিনি দেশের অভ্যন্তরে ‘কমিউনিস্ট হুমকির পুনরুত্থান’ ঘটছে বলেও অভিযোগ করেন।
শুক্রবার (৩ জুলাই) রাতে মাউন্ট রাশমোর জাতীয় স্মৃতিসৌধে দেওয়া ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাস, ঐতিহ্য এবং সাবেক নেতাদের প্রশংসা করেন। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশের ভেতর থেকেই আমেরিকান চেতনা দুর্বল করার এবং ইতিহাস থেকে জনগণকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছে।
ট্রাম্পের অভিযোগ, দেশের উগ্রপন্থি ও চরমপন্থি গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের মূল্যবোধের জন্য হুমকি হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে ডেমোক্র্যাটিক পার্টির বামঘেঁষা কয়েকজন প্রার্থীর নির্বাচনী সাফল্যের পর তিনি এ ধরনের বক্তব্য আরও জোরালোভাবে তুলে ধরছেন। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে তিনি বামপন্থিদের ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে সমালোচনা অব্যাহত রেখেছেন।
অভিবাসন ইস্যুতেও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাধ্যতামূলক নয়, তবে দেশটির আদর্শ ও অর্জনকে ভালোবাসতে হবে।
এদিকে ৪ জুলাই যুক্তরাষ্ট্র স্বাধীনতার ২৫০ বছরে পদার্পণ করেছে। তবে এবারের উদযাপন হচ্ছে গভীর রাজনৈতিক বিভাজনের মধ্যে। একই সময়ে তীব্র তাপপ্রবাহে প্রায় ১৬ কোটি মানুষ উচ্চ বা চরম তাপমাত্রার সতর্কতার আওতায় থাকায় দেশের বিভিন্ন স্থানের উৎসব আয়োজনও ব্যাহত হয়েছে।
তাপপ্রবাহ উপেক্ষা করে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ওয়াশিংটনের ন্যাশনাল মলে নির্বাচনী সমাবেশের আদলে একটি বড় জনসভার আয়োজন করার কথা রয়েছে ট্রাম্পের। এতে সামরিক যুদ্ধবিমানের মহড়া এবং বড় পরিসরের আতশবাজি প্রদর্শনীরও পরিকল্পনা রয়েছে।
এর আগে ট্রাম্প বলেছিলেন, তাপমাত্রা ১০৭ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস হলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে দীর্ঘ বক্তব্য দেবেন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








