'আমাকে থামাতে হলে মেরে ফেলতে হবে'

ছবিঃ সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দলের বড় অংশের বিধায়ক ও কয়েকজন সংসদ সদস্য আলাদা শিবির গঠন করলেও নিজের অবস্থান থেকে একচুলও সরছেন না দলীয় নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরং বিদ্রোহীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেছেন, “আমাকে থামাতে হলে মেরে ফেলতে হবে।”
শনিবার এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী নেতাদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে বলেন, তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক তার নেতৃত্বাধীন শিবিরের কাছেই থাকবে এবং এটি নিয়ে আইনি লড়াইয়ে যেতে হলে দল প্রস্তুত।
তিনি বলেন, “দলের প্রতীক কোথাও যাচ্ছে না। আমাকে থামাতে চাইলে আগে আমাকে মেরে ফেলতে হবে।”
এদিকে শনিবার তৃণমূলে আরও বড় ধাক্কা লাগে। দলের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য পদত্যাগ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবিরে যোগ দেন। এর আগে প্রায় ৮০ জন বিধায়ক ওই উপদলে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে লোকসভার কয়েকজন সাংসদও পৃথক একটি ব্লক গঠন করেছেন।
চন্দ্রিমার পদত্যাগ প্রসঙ্গে মমতা বলেন, তিনি আগেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে বিদ্রোহী শিবির থেকে তাকে ‘পরামর্শক’ হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা তিনি প্রত্যাখ্যান করেছেন।
মমতা অভিযোগ করেন, চাপের মুখে দলের অনেক নেতা দলত্যাগ করেছেন। তবে তিনি বিজেপির সামনে মাথা নত করবেন না এবং তার দলও কোনো চাপের কাছে আত্মসমর্পণ করবে না।
বিদ্রোহীদের তৃণমূল ভবন দখলের ঘটনাও সমালোচনা করেন তিনি। মমতার ভাষায়, দলীয় কার্যালয় কোনো ব্যক্তির নয়, এটি দলের সম্পত্তি। কেউ দল ছেড়ে গেলেই সেই সম্পত্তির মালিকানা পরিবর্তন হয় না।
তিনি আরও বলেন, “মা, মাটি, মানুষের সম্পত্তি জোর করে দখল করা যায় না। তৃণমূলের আদর্শই বিজেপিবিরোধী। অথচ নির্বাচনের মাত্র দুই মাসের মধ্যে যারা দল ছেড়েছেন, তারা সেই আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।”
২০১১ সালে টানা তিন দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায় এবার নির্বাচনে পরাজয়ের পর নজিরবিহীন দলীয় সংকটের মুখে পড়েছেন। তবে রাজনৈতিক এই চাপে নতি স্বীকার না করার ঘোষণা দিয়ে তিনি দলের ঐক্য ধরে রাখার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
সূত্র: এনডিটিভি।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








