খামেনির রাষ্ট্রীয় বিদায়ে ৩ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

খামেনির রাষ্ট্রীয় বিদায় । সংগৃহীত
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়কে ঘিরে সাতদিনব্যাপী বিশাল আয়োজন করছে দেশটি। তবে এ আয়োজন ঘিরে বড় ধরনের প্রাণহানির আশঙ্কার কথা জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ওয়েল্ট।
শনিবার (৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে ওয়েল্ট জানায়, রাজধানী তেহরানের এক নাম প্রকাশে অনিচ্ছুক সাংবাদিক তাদের কাছে একটি কথিত গোপন সরকারি চিঠি পাঠিয়েছেন। দাবি করা হচ্ছে, চিঠিটি ইরানের রেডক্রস ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের কাছে পাঠানো হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, সাতদিনব্যাপী বিদায় অনুষ্ঠানে বিপুল জনসমাগমের কারণে এক হাজার ৫০০ থেকে তিন হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে ওই চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিখোঁজ হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় মৃত্যু ও নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে কাজ করতে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। একই সঙ্গে তেহরানের বেহেস্ত ই জাহরা কবরস্থানে নতুন করে কয়েক হাজার কবর প্রস্তুত রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তেহরান পৌরসভার এক কর্মীর বরাতে ওয়েল্ট জানায়, নতুন কবরগুলো বাস্তবেই প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, তীব্র গরমে বিপুল মানুষের সমাগম হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, খামেনির মরদেহ প্রথমে তেহরান থেকে কোমে নেওয়া হবে। এরপর ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়ার পর আগামী ৯ জুলাই জন্মস্থান মাশহাদে তাকে দাফন করার পরিকল্পনা রয়েছে।
তবে উল্লেখ্য, সম্ভাব্য প্রাণহানির এই তথ্যগুলো জার্মান সংবাদমাধ্যম ওয়েল্টের প্রকাশিত প্রতিবেদন এবং কথিত গোপন সরকারি চিঠির দাবির ওপর ভিত্তি করে জানানো হয়েছে। এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








