দেশি ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়াগত অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।

সভায় জানানো হয়, বন্ধ কারখানাগুলোতে বিনিয়োগে দেশি ও বিদেশি বেশ কয়েকটি বেসরকারি কোম্পানি আগ্রহ দেখিয়েছে। প্রতিষ্ঠানগুলো যে ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দিয়েছে, সেগুলোর সম্ভাব্যতা যাচাই করা হবে।

হাসান শিপলু জানান, পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ এড়িয়ে দ্রুত মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণের নির্দেশও দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও শিল্প খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাইমটিভি/এনজি