ইয়েমেনে ইরানঘনিষ্ঠ হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরবকে লক্ষ্য করে দেওয়া হুমকির জবাবে কঠোর অবস্থান নিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোট বলেছে, সৌদি আরবের ওপর কোনো ধরনের হামলার চেষ্টা বা ইয়েমেনের অখণ্ডতা লঙ্ঘনের ঘটনা ঘটলে হুতিদের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক অভিযান চালানো হবে।

শনিবার (৪ জুলাই) জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন।

এর আগে শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় ইরান থেকে আসা একটি বিমান অবতরণে বাধা দেয় সৌদি আরব। এ সময় সৌদি বিমানবাহিনী ইয়েমেনের আকাশসীমায় প্রবেশ করলে তীব্র প্রতিক্রিয়া জানায় হুতি বিদ্রোহীরা।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি অভিযোগ করেন, ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা দেশটির বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি হলে কঠোর জবাব দেওয়া হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজন হলে সৌদি আরবের বিমানবন্দরসহ জল, স্থল ও আকাশপথের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

এর জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেন, ইয়েমেনের সাধারণ মানুষের ওপর চালানো নিপীড়ন থেকে আন্তর্জাতিক মনোযোগ সরাতেই হুতিরা সৌদি আরবকে হুমকি দিচ্ছে। তবে সৌদি আরবের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।

এদিকে আঞ্চলিক উত্তেজনা বাড়লেও তেহরান ও সানার মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হুতি মুখপাত্র।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের এই পাল্টাপাল্টি হুমকি নতুন করে সংঘাত বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে।

প্রাইমটিভি/এমএইচ