নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্স। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ভাইকে আটক করেছে পুলিশ।

শনিবার ( ৪ জুলাই) দুপুরে উপজেলার সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সোনারগাঁও থানার উপপরিদর্শক সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল এবং পুলিশ সোর্স মাসুম মিয়া। আহত পুলিশ সদস্যরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মোটরসাইকেল ও পিকআপভ্যান ছিনতাই মামলার আসামি সাগরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানো হয়। এ সময় সাগর ও তার ভাই সজল ধারালো অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য ও পুলিশের সোর্স আহত হন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে আটক করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রাইমটিভি/এনজি