ভারতের তামিলনাড়ুর একটি বিশেষ আটক কেন্দ্র থেকে ৫০ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের পশ্চিমবঙ্গে নেওয়া হয়েছে। সেখান থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তরের পর বাংলাদেশ সীমান্তে পাঠানো হবে।

শনিবার পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে প্রকাশিত টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফেরত পাঠানো বাংলাদেশিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। তারা তামিলনাড়ুর সালেম জেলার আত্তুর তালুক কার্যালয় চত্বরে অবস্থিত বিশেষ আটক কেন্দ্রে ছিলেন।

বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত ৩ জুলাই তিনটি পুলিশ ভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের তিরুচিরাপল্লীতে নেওয়া হয়। পরে সেখান থেকে হাওড়া এক্সপ্রেস ট্রেনের একটি বিশেষ বগিতে করে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে যাত্রা করেন তারা।

পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, পুরো যাত্রাপথে সালেম আর্মড পুলিশের কর্মকর্তা শক্তিভেলের নেতৃত্বে ৪০ সদস্যের একটি সশস্ত্র পুলিশ দল বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, পশ্চিমবঙ্গের হরিদাসপুর (পেট্রাপোল) স্থলবন্দরে পৌঁছানোর পর তামিলনাড়ু পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করবে। এরপর বিএসএফ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তাদের বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে।

ভারতে অবৈধভাবে প্রবেশ বা অবস্থানের অভিযোগে আটক বিদেশি নাগরিকদের রাখার জন্য আত্তুরের এই বিশেষ আটক কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। ভারতীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বর্তমানে সেখানে আরও ১৩০ জনের বেশি বিদেশি নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে চলমান মামলার বিচারাধীন প্রক্রিয়া বা জামিন-সংক্রান্ত কার্যক্রম এখনও শেষ হয়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

প্রাইমটিভি/এমএইচ