‘জুলাই পদযাত্রা’র ঘোষণা এনসিপির

ছবিঃ সংগৃহীত
গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আগামী ৬ জুলাই থেকে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি শুরু করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় পর্যায়ক্রমে এ কর্মসূচি পালন করা হবে।
শনিবার (৪ জুলাই) বিকেলে রাজধানীতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ আয়োজন করা হচ্ছে। গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
সারজিস আলম জানান, আগামী ৬ জুলাই থেকে এনসিপির শীর্ষ নেতারা একই সময়ে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে পদযাত্রায় অংশ নেবেন। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এনসিপির বিশ্বাস, জুলাই শুধু একটি মাস নয়; এটি আত্মত্যাগ, গণতন্ত্র, ন্যায়বিচার, গণআকাঙ্ক্ষা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতীক। তাই মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের চেতনা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ‘জুলাই পদযাত্রা-২০২৬’-এ দেশের সর্বস্তরের নাগরিক, তরুণ সমাজ, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও পেশাজীবীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









