মাদক সেবনের পর নিজের বিশেষ অঙ্গ নিজেই কাটলেন যুবক

ছবি: সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাদক সেবনের পর নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছেন মো. সালাউদ্দিন (২২) নামে এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের রুলি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিনের বাড়ি চাপাতলা গ্রামে হলেও পারিবারিক কারণে তিনি ও তার মা দীর্ঘদিন ধরে রুলি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিলেন। এলাকাবাসীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিনও মাদক সেবনের পর মানসিক ভারসাম্য হারিয়ে নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেন।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
রুলি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য নাসির হোসেন জানান, বিষয়টি সম্পর্কে তিনি খোঁজ নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছেন। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাবে না।
এদিকে, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা তথ্য দেয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অনুসন্ধান চালানো হবে।
তবে মাদক সেবনের কারণে এ ঘটনা ঘটেছে—এমন দাবি এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








