বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। সদ্য সমাপ্ত একমাত্র টেস্টে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার ওয়ানডে সিরিজে নামছে স্বাগতিকরা। সেই লক্ষ্যেই দলে ফিরেছেন চার অভিজ্ঞ ক্রিকেটার।

ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ইনোসেন্ট কাইয়া, রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি ও ওয়েলিংটন মাসাকাদজা। এর মধ্যে সবচেয়ে দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন ওপেনার ইনোসেন্ট কাইয়া। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।

সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলে আলোচনায় আসেন কাইয়া। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার দুটি টেস্ট সেঞ্চুরিই এসেছে বাংলাদেশের বিপক্ষে। এছাড়া বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়েও ওয়ানডেতে শতক হাঁকিয়েছিলেন তিনি।

টেস্ট দলে না থাকলেও ওয়ানডে স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। অন্যদিকে, বাংলাদেশ সফরে ‘এ’ দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স এবং চলতি বছরের ঘরোয়া ক্রিকেটে দুটি শতকের সুবাদে দলে ফিরেছেন রায়ান বার্ল।

গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে এবার বাদ পড়েছেন ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, জনাথন ক্যাম্পবেল, টনি মুনিয়োঙ্গা ও ট্রেভর গওয়ান্ডু। পুনর্বাসন কর্মসূচিতে থাকায় শন উইলিয়ামসও এই সিরিজের দলে নেই।

আগামী ৬ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। একই মাঠে ৯ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।

জিম্বাবুয়ের ওয়ানডে দল:

রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি (উইকেটকিপার), ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি ও সিকান্দার রাজা।

প্রাইমটিভি/এমএইচ