সব জেলাকে পর্যায়ক্রমে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে: রেলপথ প্রতিমন্ত্রী

ছবিঃ সংগৃহীত
দেশের সব জেলাকে পর্যায়ক্রমে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি জানান, বর্তমানে দেশের ৬৪ জেলার মধ্যে ৪৯টিতে রেল সংযোগ রয়েছে। অবশিষ্ট জেলাগুলোতেও পর্যায়ক্রমে রেলসেবা সম্প্রসারণ করা হবে।
শুক্রবার রাতে নেত্রকোণা রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে প্রতিমন্ত্রী মোহনগঞ্জ ও বারহাট্টা রেলস্টেশনও পরিদর্শন করেন।
হাবিবুর রশিদ বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সারা দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। রেলপথে যানজট কমাতে বিভিন্ন স্থানে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ, ট্রেনে ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ এবং ঢাকা-চট্টগ্রাম কর্ড লাইনের মাধ্যমে যাতায়াতের সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, অতীতে রেললাইন নির্মাণ হলেও সেই অনুপাতে লোকোমোটিভ ও কোচ সংগ্রহ করা হয়নি। ফলে বিশেষ করে মিটারগেজ রুটে ইঞ্জিন ও বগির সংকট তৈরি হয়েছে। এ সংকট নিরসনে সরকার নতুন লোকোমোটিভ ও কোচ সংগ্রহের পাশাপাশি অকেজো ইঞ্জিন মেরামতের কাজও চালিয়ে যাচ্ছে। তবে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে এসব সংগ্রহ করতে দুই থেকে তিন বছর সময় লাগে।
নেত্রকোণা রেলস্টেশনের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, স্টেশনের ওয়েটিং রুম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। টয়লেট নির্মাণের টেন্ডার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে। পাশাপাশি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
নেত্রকোণায় নতুন রেললাইন নির্মাণের দাবির বিষয়ে তিনি বলেন, বিষয়টি এখনও সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছায়নি। সংশ্লিষ্ট এলাকায় সরেজমিন পরিদর্শন করা হয়েছে এবং সম্ভাব্যতা যাচাই চলছে। জনস্বার্থ ও যাত্রীসেবার দিক বিবেচনায় প্রকল্পটি কার্যকর প্রমাণিত হলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করেই নতুন প্রকল্প বাস্তবায়ন করা হবে। যথাযথ যাচাই-বাছাই ও সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
দিনব্যাপী সরকারি সফরে তিনি নেত্রকোণার মদন, খালিয়াজুড়ি ও মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন। সফরে তার সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






