বিচ্ছেদের ঘোষণা দেওয়ার তিন মাসের মাথায় একসঙ্গে নতুন বিয়ে ও মা হওয়ার সুখবর জানালেন অভিনেত্রী মৌসুমী হামিদ। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখার পর এবার স্বামীকে সঙ্গে নিয়েই প্রকাশ্যে আনলেন জীবনের নতুন অধ্যায়ের খবর।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি অনুষ্ঠানে হাজির হন মৌসুমী হামিদ। এ সময় প্রথমবারের মতো প্রকাশ্যে আসে তার বেবিবাম্প। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন স্বামী আবদুল ওয়াদুদ সজীব।

অনুষ্ঠানেই মৌসুমী জানান, সবার জন্য চমক হিসেবেই তিনি একসঙ্গে বিয়ে এবং অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেছেন। জীবনের নতুন এই অধ্যায়ে সবার দোয়া কামনা করেন তিনি।

গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে তার পরিচয় প্রায় ১৪ বছরের। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই তাদের সম্পর্কের গভীরতা তৈরি হয় এবং পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

মৌসুমীর ভাষায়, “আমরা দীর্ঘ ১৪ বছরের বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। সেই জায়গা থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম।”

তিনি আরও জানান, তাদের বিয়ে বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে। তবে ব্যক্তিগত কারণেই বিষয়টি এতদিন প্রকাশ করা হয়নি।

এর আগে চলতি বছরের মার্চের শেষ দিকে মৌসুমী হামিদ জানিয়েছিলেন, তার সাবেক স্বামী আবু সাইয়িদ রানার সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি ঘটেছে। তিনি জানান, বছরের শুরুতেই তারা আলাদা হয়ে যান।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই শোবিজ অঙ্গনে মৌসুমী হামিদের মা হওয়ার গুঞ্জন ছিল। অবশেষে নিজেই প্রকাশ্যে এসে সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করলেন এই অভিনেত্রী।

প্রাইমটিভি/এমএইচ