সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৮৬ লাখ টাকার বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। অভিযানে ভারতীয় গরু, মহিষ, জিরা, সুপারি, চকলেট, সবজি, আঙুর, মদ, একটি এয়ার রাইফেল, বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ এবং অবৈধ বালু-পাথর বহনকারী একটি বারকি নৌকা জব্দ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর ও মিনাটিলা বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করেন। উদ্ধার হওয়া পণ্যের আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ ৯২ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রাইমটিভি/এমএইচ