রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০ পুরিয়া হেরোইনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা।

শনিবার (৪ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে গোয়ালন্দঘাট থানার মনোরমা সিনেমা হল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন গোয়ালন্দঘাট উপজেলার সোহরাব মণ্ডলপাড়ার বাসিন্দা বন্যা বেগম (২৮) এবং উত্তর দৌলতদিয়া এলাকার পিংকি আক্তার (৩০)।

র‌্যাব জানায়, আটক দুই নারী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বলেন, উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে র‌্যাবের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রাইমটিভি/এমএইচ