রাজধানীর চকবাজারের খাজা মার্কেটে অবস্থিত আশিক টাওয়ারে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে সংস্থাটির মোট ছয়টি ইউনিট কাজ করে।

শনিবার ( জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে পাঁচতলা ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। পরে বিকেল ৩টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, আশিক টাওয়ারে মূলত প্লাস্টিক, ছাতা, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন ধরনের পণ্যের পাইকারি ব্যবসা পরিচালিত হয়। আগুন লাগার সময় অধিকাংশ গুদামের শাটারে তালা থাকায় ভেতরে প্রবেশ করে আগুন নেভানো কঠিন হয়ে পড়ে। এছাড়া ভবনটিতে কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা এবং আশপাশের সরু রাস্তার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভবনের তৃতীয় তলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে প্রথমে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট যোগ দেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রাইমটিভি/এমআর