জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে নতুন ভাঙনের গুঞ্জন

প্রতীকী ছবি
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে ফের ভাঙনের গুঞ্জন দেখা দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পর এবার জোট ছাড়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। আসন সমঝোতা নিয়ে অসন্তোষের জেরে দলটির মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।
তবে জোটে থাকা না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলতি মাসের ১০ তারিখে জানানো হবে বলে জানিয়েছে দলটি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদেক হক্কানী বলেন, জোটের সঙ্গে তাদের সমঝোতা মূলত নির্বাচনী সমঝোতার ভিত্তিতে ছিল। নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর বর্তমান পরিস্থিতিতে জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে মূল্যায়নের প্রয়োজন দেখা দিয়েছে।
তিনি বলেন, “নির্বাচন নিয়ে আমাদের সঙ্গে জোটের আচরণ এক ধরনের ছিল। তাই আপাতত জোটের কোনো কর্মসূচিতে আমরা অংশ নিচ্ছি না। আগামী ১০ তারিখে মজলিসে আমেলার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে—জোটে থাকব কি না।”
এর আগে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন আসে। দীর্ঘ বিরতির পর ইসলামপন্থী একাধিক দলের শীর্ষ নেতারা একত্রিত হয়ে একটি বৃহত্তর জোট গঠন করেন।
জোট গঠনের মূল লক্ষ্য হিসেবে ইসলামি রাষ্ট্রব্যবস্থা ও শাসন কাঠামো প্রতিষ্ঠার কথা বলা হলেও শুরু থেকেই আসন ভাগাভাগি নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ তৈরি হয়।
বিশেষ করে জনপ্রিয়তার ভিত্তিতে আসন বণ্টন ইস্যুতে জামায়াতের সঙ্গে দূরত্ব তৈরি হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের। দীর্ঘ আলোচনায় সমঝোতা না হওয়ায় চলতি বছরের ১৬ জানুয়ারি তারা জোট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন সমঝোতা ও অভ্যন্তরীণ আস্থার সংকট সমাধান না হলে জোটের স্থিতিশীলতা আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








