সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ, পশু কোরবানি এবং হজের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করছেন মুসলমানরা।

১০ জিলহজ সকালে মিনায় পৌঁছে বড় জামারায় শয়তানের উদ্দেশে সাতটি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। “আল্লাহু আকবার” ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো জামারা এলাকা।

হযরত ইবরাহিম (আ.) এর সুন্নাহ অনুসরণে সম্পন্ন হওয়া এই প্রতীকী আমলের মাধ্যমে অশুভ শক্তি ও শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে অবস্থানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

কঙ্কর নিক্ষেপ শেষে শুরু হয় কোরবানির আনুষ্ঠানিকতা। মিনার নির্ধারিত স্থানে পশু জবাইয়ের মাধ্যমে সম্পন্ন করা হয় এই গুরুত্বপূর্ণ ইবাদত।

আর যারা অনুমোদিত এজেন্সির মাধ্যমে কোরবানি দিচ্ছেন, তারা নিশ্চিত বার্তা পাওয়ার পর পরবর্তী আনুষ্ঠানিকতায় অংশ নেন।

কোরবানি শেষে মাথা মুণ্ডন বা চুল ছোট করার মধ্য দিয়ে ইহরামের বিধিনিষেধ থেকে মুক্ত হন হাজিরা। এরপর সাদা ইহরামের পোশাক বদলে সাধারণ পোশাকে ফিরে আসে স্বস্তি ও তৃপ্তির অনুভূতি।

একই সঙ্গে সৌদি মধ্যপ্রাচ্যেজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার-স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও।

প্রাইমটিভি/এনজি