ঈদুল আজহা: ত্যাগের মহিমায় আত্মার উৎসব

পবিত্র ঈদুল আজহা
আজ বৃহস্পতিবার জিলহজ মাসের ১০ তারিখ, পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। প্রতি বছরের মতো এবারো যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, আত্মসমর্পণ ও মানবতার এক অনন্য শিক্ষা। আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য এবং আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত এই উৎসবের মূল বার্তা হলো তাকওয়া ও মানবিকতা।
ঈদুল আজহার ইতিহাস জড়িয়ে আছে হজরত ইবরাহিম (আ.) ও তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.) এর মহান আত্মত্যাগের সঙ্গে। মহান আল্লাহর নির্দেশে নিজের সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করতেও দ্বিধা করেননি হজরত ইবরাহিম (আ.)।
আর পুত্র ইসমাইল (আ.) ও ধৈর্য ও আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। আল্লাহ তাআলা তাঁদের এই পরীক্ষায় সন্তুষ্ট হয়ে ইসমাইল (আ.) এর পরিবর্তে একটি পশু কোরবানির ব্যবস্থা করেন। সেই স্মৃতিকে ধারণ করেই মুসলিমরা প্রতি বছর উদযাপন করেন পবিত্র ঈদুল আজহা।
ইসলামে কোরবানির প্রকৃত অর্থ কেবল পশু জবাই নয়। বরং মানুষের ভেতরের অহংকার, লোভ, হিংসা ও স্বার্থপরতাকে দমন করাই কোরবানির মূল শিক্ষা। কোরবানির মাধ্যমে সমাজে গড়ে ওঠে সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও সাম্যের বন্ধন। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মাঝে কোরবানির মাংস বণ্টনের মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাগাভাগি করে নেওয়ার আনন্দ।
তবে অনেক সময় কোরবানির আসল শিক্ষা আড়াল হয়ে যায় বাহ্যিক আয়োজন ও প্রতিযোগিতার ভিড়ে। ইসলাম কখনো লোকদেখানো আড়ম্বরকে গুরুত্ব দেয়নি। বরং গুরুত্ব দিয়েছে নিয়ত, বিনয় ও তাকওয়াকে। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহর কাছে কোরবানির গোশত বা রক্ত পৌঁছায় না, পৌঁছায় কেবল মানুষের তাকওয়া।
আজকের ভোগবাদী ও আত্মকেন্দ্রিক পৃথিবীতে ঈদুল আজহার শিক্ষা আরও বেশি তাৎপর্যপূর্ণ। ত্যাগের এই মহিমা মানুষকে শেখায় আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবতার মূল্যবোধ। তাই এবারের ঈদুল আজহায় শুধু পশু কোরবানি নয়, নিজেদের ভেতরের পশুত্বকেও কোরবানি করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
ত্যাগেই মানুষের মহত্ত্ব, আর সেই ত্যাগের আদর্শেই উদ্ভাসিত হোক সবার ঈদ।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









