বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার সমন্বয়ে সাজানো এই দলে নেতৃত্বে থাকছেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

কোচ লিওনেল স্কালোনি এবারও ভরসা রেখেছেন কাতার বিশ্বকাপ জয়ী দলের বেশিরভাগ খেলোয়াড়ের ওপর। ২০২২ সালের শিরোপাজয়ী স্কোয়াডের ১৭ জন জায়গা ধরে রেখেছেন নতুন দলেও। গোলপোস্টে আছেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে থাকছেন নিকোলাস ওতামেন্দি ও ক্রিশ্চিয়ান রোমেরো। মাঝমাঠে দায়িত্ব সামলাবেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর আক্রমণে থাকছেন লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।

তবে এবারের স্কোয়াডে সবচেয়ে বেশি আলোচনায় তরুণ ফুটবলারদের অন্তর্ভুক্তি। ভবিষ্যতের দল গড়ার পরিকল্পনায় সুযোগ পেয়েছেন নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, ভ্যালেন্তিন বার্কো ও হোসে মানুয়েল লোপেজ। বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজেদের প্রমাণের অপেক্ষায় রয়েছেন তারা।

ইনজুরির কারণে কাতার বিশ্বকাপ মিস করা জিওভানি লো সেলসোও ফিরেছেন দলে। ফলে এবারই বিশ্বকাপের মূল মঞ্চে অভিষেক হতে পারে এই মিডফিল্ডারের।

অন্যদিকে, অবসর ভেঙে অ্যাঞ্জেল ডি মারিয়াকে ফেরানো হতে পারে এমন আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তাকে ছাড়াই দল সাজিয়েছেন স্কালোনি। কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এই তারকাকে ছাড়াই শিরোপা ধরে রাখার মিশনে নামছে আলবিসেলেস্তেরা।

এদিকে চমক হিসেবে জায়গা হয়নি তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর। ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন মার্কোস আকুনাও। এছাড়া স্কোয়াডের বাইরে রয়েছেন মার্কোস সেনেসি ও এমিলিয়ানো বুয়েন্দিয়া।

বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া। ১৬ জুন ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর জর্ডান ও অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো;

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা;

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্টিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ;

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্টিনেজ।

প্রাইমটিভি/এনজি