বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্বে দুই মাস দায়িত্ব পালনের পর এবার তিনি নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। আজ (৭ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। তবে শেষ পর্যন্ত সভাপতি ও সহ-সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তামিম ইকবাল এবং ফাহিম সিনহা। আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও সূত্র অনুযায়ী বিষয়টি নিশ্চিত হয়েছে।

বিসিবির ১৭তম সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তামিম ইকবাল। নির্বাচিত সভাপতি হিসেবে তিনি ষষ্ঠ ব্যক্তি হিসেবে বিসিবির নেতৃত্বে আসছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

পরিচালক পদেও অনুষ্ঠিত হয় নির্বাচন। ক্যাটাগরি ১ অর্থাৎ জেলা ও বিভাগীয় পর্যায়ে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরি, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সল আমীন এবং চট্টগ্রাম থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন।

বাকি দুই বিভাগ বরিশাল ও খুলনায় ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হয়। বরিশাল থেকে মিজানুর রহমান এবং খুলনা থেকে শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন নির্বাচিত হন।

ক্যাটাগরি ২ অর্থাৎ ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে মোট ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

ক্যাটাগরি ৩ অর্থাৎ বিশেষ সংস্থা এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

মোট ২৫ জন পরিচালক নিয়ে গঠিত নতুন পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত দুই পরিচালক হলেন শেখ মো. রুহুল আমিন এবং মো. সরফরাজ আহমেদ।

নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্বের শীর্ষ পদে নির্বাচিত হন তামিম ইকবাল এবং ফাহিম সিনহা।

প্রাইমটিভি/এনজি