শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই, ফাইনালের লড়াইয়ে বাংলাদেশ

ছবি- সংগৃহীত
বিশ্বকাপ ফুটবল শুরুর আর মাত্র কয়েক দিন বাকি। বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখন বাংলাদেশও ব্যস্ত সময় পার করছে আন্তর্জাতিক ফুটবলে। সিনিয়র জাতীয় দলের সাফল্যের ধারাবাহিকতায় এবার মালদ্বীপে চার জাতির টুর্নামেন্টে ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ অলিম্পিক দল।
মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। দুই ম্যাচ শেষে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে মারুফুল হকের শিষ্যরা।
অন্যদিকে স্বাগতিক মালদ্বীপ আফগানিস্তান ও পাকিস্তানের কাছে হেরে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আফগানিস্তান ও পাকিস্তান উভয়েরই সংগ্রহ চার পয়েন্ট।
আজ বিকেলে আফগানিস্তান ও পাকিস্তান মুখোমুখি হবে। সেই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। তবে ম্যাচটি ড্র হলে কিংবা কোনো একটি দল হারলে বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি হবে।
বাংলাদেশ সময় রাত ১০টায় মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালে উঠতে হলে প্রথম শর্ত হিসেবে স্বাগতিকদের হারাতেই হবে। এরপর হিসাব-নিকাশ নির্ভর করবে আফগানিস্তান-পাকিস্তান ম্যাচের ফলাফলের ওপর।
যদি আফগানিস্তান ও পাকিস্তানের ম্যাচ ড্র হয়, তাহলে বাংলাদেশের জয় গোল ব্যবধানের সমীকরণকে সামনে নিয়ে আসবে। বর্তমানে পাকিস্তান তিন গোল ব্যবধানে এগিয়ে রয়েছে, আর আফগানিস্তানের গোল ব্যবধান এক। সে ক্ষেত্রে বাংলাদেশের জয় কত ব্যবধানে আসে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য তিন দলই তাদের সিনিয়র জাতীয় দল নিয়ে খেলছে। বিপরীতে বাংলাদেশ অংশ নিয়েছে অলিম্পিক বা অনূর্ধ্ব-২৩ দল নিয়ে। মূল জাতীয় দল সম্প্রতি সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলায় এই টুর্নামেন্টে তরুণদের সুযোগ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা তুলনামূলক কম থাকা সত্ত্বেও বাংলাদেশের তরুণরা প্রথম দুই ম্যাচে শৃঙ্খলাপূর্ণ ফুটবল উপহার দিয়েছে। ফলে স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ওঠার একটি ‘মৃদু’ আশা তৈরি হয়েছে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে।
এখন দেখার বিষয়, শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নেমে বাংলাদেশ সেই আশা বাস্তবে রূপ দিতে পারে কি না।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









