সান মারিনো থেকে দেশে ফিরেছেন জামাল-তপুরা

বাংলাদেশ ফুটবল দল । সংগৃহীত
সান মারিনোকে হারিয়ে ইউরোপ সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। ঐতিহাসিক এই জয়ে উচ্ছ্বসিত পুরো দল। প্রথমবার ইউরোপের মাটিতে ইউরোপেরই একটি দলকে হারানোর কৃতিত্ব অর্জন করল বাংলাদেশ।
নতুন প্রধান কোচ থমাস ডুলির অধীনে কঠোর অনুশীলনের ফল হিসেবেই এই জয় এসেছে বলে মনে করছেন খেলোয়াড়রা। ঈদের দিনসহ টানা প্রস্তুতির মধ্য দিয়ে ম্যাচের জন্য নিজেদের তৈরি করেছিলেন ফুটবলাররা। লক্ষ্য ছিল একটাই, জিততে হবে এবং দেশবাসীকে ঈদের উপহার দিতে হবে।
ম্যাচে জোড়া গোল করে আলোচনায় উঠে আসেন ডিফেন্ডার তপু বর্মন। তিনি বলেন, ঈদের আনন্দ ত্যাগ করে সবাই দলগতভাবে কঠোর পরিশ্রম করেছেন এবং সেই কমিটমেন্টের ফলই এই জয়। নিজের পারফরম্যান্সে গর্ব প্রকাশ করে তিনি জানান, দেশের জন্য সুযোগ পেলেই সর্বোচ্চটা দিতে চান তিনি।
অন্যদিকে ফরোয়ার্ড শেখ মোরসালিন মনে করছেন, এই জয়ের মাধ্যমে বাংলাদেশের জন্য ইউরোপের বড় দলগুলোর সঙ্গে নিয়মিত খেলার পথ আরও উন্মুক্ত হবে। তার মতে, আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক ম্যাচ খেলার সুযোগ তৈরি হলে বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে।
সান মারিনোর বিপক্ষে এই জয়ের পর ইউরোপের বিভিন্ন গণমাধ্যমেও বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়েছে। সান মারিনো ফুটবল দলের বিপক্ষে এই সাফল্যকে বাংলাদেশের ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সূত্রে জানা গেছে, ভবিষ্যতে আরও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে, যাতে আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ে এবং দল আরও প্রস্তুত হতে পারে।
ফুটবলাররা আশা করছেন, ফিফা উইন্ডোতে সীমিত সুযোগের বাইরেও নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারলে বাংলাদেশের পারফরম্যান্স আরও উন্নত হবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









