যে একাদশ নিয়ে ২০ বছর পর বিশ্বকাপে নামছে চেক প্রজাতন্ত্র

ছবি- সংগৃহীত
দীর্ঘ ২০ বছরের খরা কাটিয়ে অবশেষে ফিফা বিশ্বকাপের মঞ্চে ফিরলো চেক প্রজাতন্ত্র। ইউরোপীয় অঞ্চলের কঠিন বাছাইপর্বে আয়ারল্যান্ড ও ডেনমার্ককে পেনাল্টি শুটআউটে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা। বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে আজ তারা মুখোমুখি হচ্ছে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার।
এই ম্যাচে সবার বাড়তি নজর থাকছে ২৩ বছর বয়সী মিডফিল্ডার আলেক্সান্দ্র সোইকার দিকে। বিশ্বকাপের ঠিক আগে প্রস্তুতি ম্যাচে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া সোইকার আজই অভিষেক হচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচে। মাঝমাঠে অভিজ্ঞ তারকা থমাস সুচেকের পাশে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ এটি তার জন্য। প্রজাতন্ত্রের প্রধান কোচ সাধারণত '৩-৪-৩' ফরমেশনে দল সাজাতে পছন্দ করেন। তাদের খেলার মূল কৌশল বেশ সহজ কিন্তু কার্যকর— উইংব্যাকদের দিয়ে বক্সে ক্রস বাড়ানো। আর সেই ক্রস ও সেট পিস থেকে গোল আদায়ের দায়িত্বে থাকবেন বায়ার লেভারকুসেনের ফরোয়ার্ড পাত্রিক শিক এবং সুচেক। ১৯১ সেন্টিমিটার উচ্চতার শিকের শক্তিমত্তা মূলত তার এরিয়াল বল ও বল হোল্ড-আপ প্লে-তে। তাকে রুখতে আজ কোরিয়ার বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার কিম মিন-জেকে অগ্নিপরীক্ষা দিতে হবে।
চেক প্রজাতন্ত্রের একাদশ
মাতেই কোভার (গোলরক্ষক); স্তেফান চালোউপেক, রবিন হ্রানাচ, লাদিস্লাভ ক্রেইচি; ভ্লাদিমির কুফাল, থমাস সুচেক, আলেক্সান্দ্র সোইকা, ইয়ারোস্লাভ জেলেনি; লুকাস প্রোভড, পাভেল শুলৎস এবং পাত্রিক শিক।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








