ইনজুরির ধাক্কার মাঝেই ব্রাজিল শিবিরের জন্য নেইমারের বিশেষ বার্তা

ছবি- সংগৃহীত
ইনজুরির কারণে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে মাঠে নামতে পারছেন না তারকা ফরোয়ার্ড নেইমার। বিষয়টি নিশ্চিত করেছেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ফলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে তাকে থাকতে হবে দর্শক হিসেবে।
গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে, বাংলাদেশ সময় রোববার ভোর ৪টায়।
চোট থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক বার্তা দিয়েছেন নেইমার। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে জাতীয় দলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “যে কোনো চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত।”
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের পরিস্থিতি নিয়ে কথা বলেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানান, নেইমার দ্রুত সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন এবং আশা করা হচ্ছে আগামী সপ্তাহেই তিনি দলের অনুশীলনে ফিরতে পারবেন।
আনচেলত্তি বলেন, “আমরা নেইমারকে শুধু তার ফুটবল দক্ষতার জন্যই দলে নিইনি, তার অভিজ্ঞতাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সে তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হতে পারে।”
জানা গেছে, নেইমারের পায়ের কাফ পেশিতে চোট রয়েছে, যার কারণে তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। প্রথম ম্যাচে তার খেলা অনিশ্চিত ছিল, যা শেষ পর্যন্ত নিশ্চিতভাবেই অনুপস্থিতিতে রূপ নিল।
তবে ব্রাজিল শিবির আশাবাদী যে, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে তিনি দলে ফিরতে পারবেন।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









