বিশ্বকাপ এলেই কেন ব্রাজিল ভক্তদের ‘সেভেন আপ’ বলা হয়

প্রতীকী ছবি
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ এলেই নতুন করে আলোচনায় আসে ‘সেভেন আপ’ ট্রল। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের খুনসুটিকে ঘিরে এটি এখন দেশের ফুটবল সংস্কৃতির একটি পরিচিত অনুষঙ্গ।
আর্জেন্টিনা সমর্থকদের অনেকেই মজার ছলে ব্রাজিল ভক্তদের হাতে সেভেন আপের বোতল তুলে দেন। কখনও একটি বোতল, আবার কখনও পুরো একটি কেস উপহার দেওয়ার ঘটনাও দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ছড়িয়ে পড়ে অসংখ্য মিম, পোস্টার ও ভিডিও।
এই ট্রলের পেছনে রয়েছে ২০১৪ বিশ্বকাপের সেই ঐতিহাসিক সেমিফাইনাল। স্বাগতিক ব্রাজিল সেদিন জার্মানির কাছে ৭-১ গোলের ব্যবধানে হেরে যায়। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত সেই পরাজয়ের পর থেকেই ‘৭’ সংখ্যাটি ব্রাজিলকে ঘিরে ট্রলের প্রতীকে পরিণত হয়। আর সেখান থেকেই জনপ্রিয় কোমল পানীয় সেভেন আপের নামকে যুক্ত করে তৈরি হয় নতুন ধরনের হাস্যরস।

সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশে এটি এক ধরনের অলিখিত ফুটবল সংস্কৃতিতে পরিণত হয়েছে। প্রীতি ম্যাচ, পতাকা উত্তোলন কিংবা সমর্থকদের নানা আয়োজনেও দেখা যায় সেভেন আপ বিতরণের দৃশ্য। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচেও এমন চিত্র দেখা গেছে।
তবে ব্রাজিল সমর্থকদের বক্তব্য ভিন্ন। তাদের মতে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের সমর্থকদের ট্রল করে লাভ নেই। মাঠের অর্জন এবং পাঁচটি বিশ্বকাপ শিরোপাই তাদের সবচেয়ে বড় পরিচয়।
ফুটবলপ্রেমীরা বলছেন, ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের এই খুনসুটি খেলাকে ঘিরে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে। তবে প্রতিদ্বন্দ্বিতা যেন সবসময় আনন্দ ও সৌহার্দ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটিই সবার প্রত্যাশা।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









