৪৫ মিনিটেই ৩ গোলে এগিয়ে গেল ব্রাজিল

ছবিঃ সংগৃহীত
বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্রয়ের ধাক্কা দারুণভাবে সামলে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ‘সি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে আন্ডারডগ হাইতির বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলের বিশাল ব্যবধানে এগিয়ে গেছে কার্লো আনচেলত্তির দল।
শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। আজকের ম্যাচে চিরচেনা হলুদ জার্সি ছেড়ে নীল রঙের বিশেষ ‘অ্যাওয়ে কিট’ পরে মাঠে নেমেছে ব্রাজিল। ‘ব্লু পয়জন ডার্ট ফ্রগ’ বা নীল বিষাক্ত ব্যাঙের ত্বকের আদলে তৈরি এই জার্সি যেন মাঠে ব্রাজিলের ভয়ঙ্কর রূপেরই জানান দিচ্ছিল।
ম্যাচের শুরু থেকেই হাইতির রক্ষণের ওপর চেপে বসে ব্রাজিল। প্রারম্ভিক মিনিটে রাফিনিয়া গোলরক্ষককে একা পেয়েও বল পোস্টের বাইরে মারেন। এর কিছুক্ষণ পর তাঁর আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ৩৬ মিনিটের ঠিক আগে চোটের শঙ্কা নিয়ে রাফিনিয়া মাঠ ছাড়লে তাঁর জায়গায় নামেন রায়ান।
অবশেষে ম্যাচের ২৩ মিনিটে ডেডলক ভাঙে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতিয়ান গোলরক্ষক জনি প্লাসিদে ঠেকিয়ে দিলেও ফিরতি বলে লক্ষ্যভেদ করেন মাতেউস কুনিয়া।
১৩ মিনিট পর অর্থাৎ ম্যাচের ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন কুনিয়া। মাঝমাঠ থেকে বল নিয়ে দারুণভাবে এগিয়ে যাওয়া ভিনি জুনিয়র বক্সে বল বাড়ান কুনিয়ার দিকে। নিখুঁত এক বাঁ পায়ের শটে বল জালে জড়াতে ভুল করেননি এই ফরোয়ার্ড।
প্রথম দুই গোলে অ্যাসিস্ট করার পর প্রথমার্ধের যোগ করা সময়ে গোলদাতার তালিকায় নাম লেখান ভিনিসিয়ুস জুনিয়র নিজেও। লুকাস পাকেতার পাস থেকে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় দারুণ ফিনিশিংয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা।
ভিনি-কুনিয়াদের দাপুটে ফুটবল ও প্রথমার্ধের ৩-০ ব্যবধান দেখে মনে হচ্ছে, দ্বিতীয়ার্ধে হাইতির ওপর গোলের বন্যা আরও বইয়ে দিতে পারে সেলেসাওরা।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









