যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি রুমা

এমপি আরিফা সুলতানা রুমা । প্রাইম টিভি
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, পাবনা-৩ আসনে যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন এবং সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি রুমা বলেন, ধর্মীয় নেতাদের সম্মান দেওয়া হচ্ছে, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। খাল খননের মাধ্যমে কৃষি উন্নয়নের কাজও চলমান রয়েছে। তিনি আরও বলেন, “তারেক রহমান ২০ কোটি মানুষের কল্যাণে কাজ করছেন। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পাশে থাকতে হবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “তারেক রহমানের হাতকে শক্তিশালী করলে সবাই ভালো থাকবেন। আমার ফোন ২৪ ঘণ্টা খোলা। যেকোনো প্রয়োজনে পাশে পাবেন। সুখের দিনে না পারলেও দুঃখের দিনে পাশে থাকবো।”
চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু ও পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক।
অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, ভিপি সেলিম রেজা, শেখ জিয়ারুল হক সিন্টু, লিখন বিশ্বাস, গোলাম মাওলা, আবুল কালাম আজাদ ও সিরাজুল ইসলাম সিরাজসহ স্থানীয় নেতারা।
বিকেল সাড়ে ৪টায় ভাঙ্গুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন। সঞ্চালনা করেন সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক।
এ সময় অসুস্থ ভাঙ্গুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল খালেকের হাতে তারেক রহমানের ঈদ সালামি তুলে দেন এমপি রুমা এবং তার চিকিৎসায় সহযোগিতার আশ্বাস দেন।
সন্ধ্যায় ফরিদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আরেকটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহুরুল ইসলাম বকু। সেখানে আরও বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতারা।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









