বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

ছবি- সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলামের জানাজায় অংশ নিতে দিনাজপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন।
শনিবার (৩০ মে) সকালে তিনি কারাগার থেকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উদ্দেশ্যে রওনা হন। পরে বিকেল ৩টায় বাবার জানাজায় অংশ নেন। জানাজা শেষে নির্ধারিত সময়ের মধ্যে তার কারাগারে ফিরে যাওয়ার কথা রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাতবারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের জানাজা শহিদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় অংশ নিয়ে মাজহারুল ইসলাম সুজন বলেন, “আমার বাবা সাতবার এমপি নির্বাচিত হয়েছেন। প্রায় ৩৫ বছর এই এলাকার উন্নয়নের জন্য কাজ করেছেন। তার কোনো ভুলত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে দেবেন। সীমান্তবর্তী এই অঞ্চলের মানুষের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন।”
দবিরুল ইসলাম ১৯৪৮ সালের ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি তিনবার বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
রাজনীতির শুরুতে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগ দেন।
ঠাকুরগাঁও-২ আসন থেকে তিনি মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ ও ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে বিজয়ী হন। পরে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা কৃষক লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দবিরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। একই বছরের ৩ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। পরে দীর্ঘদিন কারাবন্দী থাকার পর তিনি জামিনে মুক্তি পান।
অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ ঠাকুরগাঁও জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









