বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার একটি “ধ্বংসস্তূপের মধ্য দিয়ে” দায়িত্ব গ্রহণ করেছে।

শুক্রবার (২৯ মে) সকালে ঠাকুরগাঁও জেলা শহরের তাতীপাড়ায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে নিচে নামানো যাবে না, বরং উচ্চ পর্যায়ে রাখতে হবে। উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে অবশ্যই যোগ্য শিক্ষক নিয়োগ দিতে হবে। কোনো স্বজনপ্রীতি বা রাজনৈতিক তদবির করা যাবে না।”

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. ইসরাফিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই, তিনি নির্বাচনের আগে এসে যে কথা দিয়েছিলেন তা রেখেছেন। বিশ্ববিদ্যালয়কে বিশ্বের মানের সঙ্গে তাল মিলিয়ে পরিচালনা করতে হবে। সবসময় সুযোগ আসে না, সেই সুযোগকে কাজে লাগাতে হবে।”

পরে সকাল ১১টায় জেলা শহরের কালিবাড়িতে অবস্থিত মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

এ সময় তিনি বলেন, “এই সরকার একটি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে দায়িত্ব নিয়েছে। ব্যাংকগুলো খালি করে দেওয়া হয়েছে, অর্থনীতি থেকে বিপুল পরিমাণ টাকা লুট করা হয়েছে। সেখান থেকে আবার শূন্য থেকে শুরু করতে হচ্ছে। তাই সবার সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, গত তিন মাসে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সহযোগিতা নিয়ে কাজ করতে চান।

প্রাইমটিভি/কেআর